রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে মোটরসাইকেল দিয়ে এক উপপরিদর্শককে (এসআই) ধাক্কা দিয়ে পালিয়েছেন দুই আরোহী। এতে এসআই কিবরিয়া আহমেদ গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার চৌদ্দপাই বিহাস মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে মহানগর পুলিশের ফেসবুক পেজে অভিযুক্ত দুজনের ছবি প্রকাশ করে শনাক্ত করতে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিহার থানায় একটি মামলা করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের এক পাশে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে তল্লাশিচৌকির দিকে এগিয়ে আসে। পুলিশ সদস্যরা থামার সংকেত দিলেও মোটরসাইকেলটি না থেমে এগিয়ে যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি এক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজীউর রহমান বলেন, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে বিহাস মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র বহন ঠেকানোর পাশাপাশি হেলমেট পরা, মোটরসাইকেলের নিবন্ধন, চালকের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
গাজীউর রহমান বলেন, ওই দুই আরোহীর মাথায় হেলমেট ছিল না এবং দ্রুতগতিতে আসছিলেন। পুলিশ তাঁদের থামার সংকেত দেয়। তাঁরা সংকেত অমান্য করে হত্যার উদ্দেশ্যে সজোরে পুলিশকে ধাক্কা দেন। এতে এসআই কিবরিয়া আহমেদ গুরুতর আহত হন।
এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে জানিয়ে আরএমপির এই মুখপাত্র বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নিজেদের ফেসবুক পেজে ওই দুই মোটরসাইকেল আরোহীর ছবি প্রকাশ করেছে মহানগর পুলিশ। তাঁদের শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। পোস্টে বলা হয়, তাঁদের শনাক্ত করতে তথ্য দিয়ে আরএমপির পাশে থাকতে। তথ্য দিতে আরএমপির হটলাইন নম্বর ০১৩২০-০৬৩৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগেও একই ধরনের ঘটনায় মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০ আগস্ট এমন একটি ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।