নিজের শৈশবের ক্লাব সান্তোসকে আর্থিক সংকট ও ফিফার দলবদল নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে এবার নিজের পকেট থেকে অর্থ দিলেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। মাঠের বাইরেও ক্লাবের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান ফুটবলার জ্যাঁ লুকাসকে দলে নেওয়ার সময় ফরাসি ক্লাব মোনাকোর প্রায় ২ মিলিয়ন ইউরো বকেয়া পরিশোধ করতে না পারায় নিষেধাজ্ঞার মুখে পড়ে সান্তোস। ফলে নতুন কোনো ফুটবলার নিবন্ধনের সুযোগ ছিল না ক্লাবটির।
এই সংকটে নেইমার তার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান 'এনআর স্পোর্টস'-এর মাধ্যমে পুরো বকেয়া অর্থ পরিশোধ করেন। এর ফলে সান্তোসের ওপর থেকে আন্তর্জাতিক দলবদল নিষেধাজ্ঞা উঠে যায়।
নেইমারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য সান্তোসে তার সাবেক বার্সেলোনা সতীর্থ আর্থার ও ফিলিপে কুতিনহোকে আনা। পাশাপাশি এভারটন সেবোলিনহাকেও দলে নেওয়ার চেষ্টা করছে ক্লাবটি। কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ লড়াই সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গড়ার পাশাপাশি সান্তোসকে পুরোনো গৌরবে ফেরানোর পরিকল্পনাও চলছে।