রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্লাট ধ্বংস হয়ে গেছে। হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে শুধু ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত ‘রোলাঁ গারোঁ’ তোয়ালে। খবর বিবিসির।
শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র আমাদের ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার হচ্ছে, বিশ্ব টেনিসের একটি অংশ রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেও টিকে গেছে। আমাদের বাড়ি টেকেনি।’
আরেকটি ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে দেখা যায় রোলাঁ গারোঁর স্বাক্ষর আছে এমন কমলা রঙের একটি তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘এটাই ‘‘রুশ বিশ্বের’’ চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। একমাত্র যে জিনিসটি টিকে আছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’
হামলার এসব ছবি টেনিস বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা’র দৃষ্টি আকর্ষণ করে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ওডেসা ও আশপাশের চর্নোমর্স্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ওডেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপারের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।