সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাভারের বিপিএটিসি এলাকার নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ থেকে ১২ জনের একটি দল ব্যানার নিয়ে মহাসড়কের নবীনগরমুখী লেনে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে মিছিলে জড়িত অন্যদের আটকের জন্য আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে আরও পাঁচজনকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টাকালে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট আটজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মিছিলের চেষ্টা চালানো কয়েকজনকে প্রথমে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট আটজন আটক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।