হুথিদের সঙ্গে সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূল এলাকায় হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ে সরকারপন্থী বাহিনীর প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত এই সংঘর্ষগুলোতে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো সেনা।

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো এই সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সরকারি পক্ষ দাবি করেছে, এই লড়াইয়ে হুথিদের ক্ষয়ক্ষতি তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু এ বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে বিভক্ত ইয়েমেনে সরকারের অনুগত বাহিনী ও হুথিদের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।

সূত্র: রয়া নিউজ