বেন শেল্টনের হাত ধরে দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটানোর আশায় ছিল আমেরিকা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিয়েছেন আলেক্সান্দার জভেরেভ।
২০০৩ সালের পর থেকে টেনিসে আমেরিকার কোনো পুরুষ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম উঠতে দেখার অপেক্ষায় ছিলেন আমেরিকান টেনিস ভক্তরা। কিন্তু জভেরেভ তার দ্বিতীয় মেজর চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ গেমে শেল্টনকে হারিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেছেন এই জার্মান তারকা।
জভেরেভ তার প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন এই বছরের ফ্রেঞ্চ ওপেনে। এবার ইউএস ওপেনের শিরোপাও নিজের করে নিলেন। চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে একই বছর প্রথম দুটি শিরোপা জিতলেন জভেরেভ। তিনি যোগ দিলেন জিমি কনর্স (১৯৭৪), গুইলেরমো ভিলাস (১৯৭৭) ও ইয়ানিক সিনার (২০২৪)।
ইউএস ওপেনের শিরোপা হাতে নিয়ে জভেরেভ বলেন, ‘আমি জানি আজ ৯৯.৯ শতাংশ লোকেরা চেয়েছিলেন বেন জিতুক, তাই প্রথমত আমি খুবই দুঃখিত। কিন্তু দ্বিতীয়ত, খেলার জন্য এটি ছিল অসাধারণ পরিবেশ। যদিও জানতাম দর্শকরা আমার বিরুদ্ধে, তবুও তারা অবিশ্বাস্যভাবে সুন্দর আচরণ করেছে।’
এ দিকে হারের পর জভেরেভের প্রশংসা করেছেন শেল্টন। তিনি বলেন, ‘তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সম্ভবত এই বছরের বিশ্ব সেরা খেলোয়াড়।’