এশিয়ান গেমসে নারী ফুটবল শুরু আজ, হাল ছাড়তে রাজি না কোচ বাটলার 

জাপানে ২০তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর, আইচি-নাগোয়া শহরে। তার আগেই নারী ফুটবল মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ আজ প্রথম ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে।নারী ফুটবলে তিন গ্রুপে ১২টি দল অংশগ্রহণ করছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা তৃতীয় হওয়া দেশ কোয়ার্টার ফাইনালে খেলবে। 

স্বাগতিক জাপান এশিয়ান গেমস নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশের গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার লড়াই করবে। তিন দেশই বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ জাপানে সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্বটাই প্রকশ করেছেন। বাস্তবতা মেনে নিতে বলেছেন। 'আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমাদের দলে অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। দুই-এক জনের ভালো পারফরম্যান্স দেখে সবকিছুকে সেরা বলাও যাবে না। মেয়েরা খুবই পরিশ্রমী। আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার জন্য।'

২০২২ সাল থেকে এশিয়ান গেমস ফুটবলে নারী দল খেলতে শুরু করেছে। গ্রুপ পর্বে সেবার দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে, সেটি নেপালের বিপক্ষে। জাপানের কাছে ৮ গোল, ভিয়েতনামের বিপক্ষে ৬-১ গোলে হেরেছিল। এবারও কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করতে হবে। আজ প্রথম ম্যাচই খেলতে হবে গত গেমসের ফাইনাল খেলা উত্তর কোরিয়ার বিপক্ষে। উত্তর কোরিয়ার বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। 

গত মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে প্রথম খেলার যোগ্যতা অর্জন করে উত্তর কোরিয়ার বিপক্ষে খেলে ৫-০ গোলে হেরে ছিল। উত্তর কোরিয়া বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছিল। উত্তর কোরিয়ার পোস্টে বাংলাদেশ একটা শটও নিতে পারেনি। সেই উত্তর কোরিয়া আবার বাংলাদেশের মুখোমুখি হবে আজ। 

আগের হেরে যাওয়া ম্যাচ থেকে এবার কী শিক্ষা গ্রহণ করল, তা-ও আজ পরীক্ষা হয়ে যাবে। জাপানে যাওয়ার আগে বাংলাদেশের নারী ফুটবল দল চীনে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। মিয়ানমারের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটি জিতেছিল। সেই ঐতিহাসিক ম্যাচ। মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলবে এবার। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ বাংলাদেশের।