অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সোমবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, টোকিওর বিনোদন ও নাইটলাইফকেন্দ্রিক একটি এলাকায় অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে এক বন্ধু কুরাকিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি অ্যাপার্টমেন্টটির মালিককে বিষয়টি জানান। ওই মালিক স্থানীয়ভাবে পরিচিত ক্লাব ব্যবসায়ী সাকিতো। তিনি কুরাকির সঙ্গী শোতা তাইরাকে অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছিলেন।

কুরাকির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান সাকিতো। পরে পুলিশকে বিষয়টি জানাতেও তিনি সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে কুরাকির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া কয়েকটি গুজবও নাকচ করেন তিনি।

সাকিতোর ভাষ্য, কুরাকি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা, বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে মৃত্যুকে ঘিরে অনুমাননির্ভর তথ্য ও গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন সাকিতো।

তিনি বলেন, ভুল তথ্য বা জল্পনা যেন কুরাকির স্মৃতি ও তার কাছের মানুষদের জন্য আরও ক্ষতির কারণ না হয়। কাউকে সহিংসতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা কিংবা চরম হতাশার দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

এদিকে হানা কুরাকির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাপানের স্থানীয় পুলিশ ও কুরাকির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখনো এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

২০২৪ সালে প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে পেশাজীবন শুরু করেন কুরাকি। অল্প সময়ের মধ্যেই তিনি পরিচিতি পান। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার বার্ষিক আয় ছিল প্রায় ১৬ কোটি টাকার সমপরিমাণ। চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে একটি প্রাপ্তবয়স্ক বিনোদন প্রদর্শনীতেও তার অংশ নেওয়ার কথা ছিল।

তবে জুনে হঠাৎ পেশাগত কর্মকাণ্ড থেকে বিরতির ঘোষণা দেন কুরাকি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, একটি সড়ক দুর্ঘটনায় মুখ ও চোয়ালে গুরুতর আঘাত পাওয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ রাখছেন। এর কয়েক মাসের মধ্যেই তার আকস্মিক মৃত্যুর খবর সামনে এলো।