পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে বিআরটিসি বাসের চাপায় মাহির হোসেন (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় হাজীপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা-নানী ঘর থেকে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাস আসলে তারা সেটিকে থামানোর সংকেত দেয়। পরে বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।