ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল থানার ৪ নম্বর কানিহারী ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। হাসপাতালে মারা যাওয়া নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিরখী বালুখলা এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক জসিম উদ্দিন মারা যান। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটির সামনের আসনে থাকা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আরও তিন নারী যাত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।

ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মদ বলেন, ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক জসিম মারা যান। আহত হন পাঁচ যাত্রী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।