চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. এনামুল হক ইমুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে বরগুনা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের কানচুরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। অন্য আসামি শামীম ওরফে কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মজিবুর মহরারের ছেলে।

পাথরঘাটা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং মাদক-সংক্রান্ত অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।