মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সর্বস্তরের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এই পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে যেমন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, তেমনি আবাসিক গ্রাহকদের বিদ্যমান গ্যাস-সংকটও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

দীর্ঘদিন ধরে চলে আসা গ্যাস-সংকটের মধ্যে নতুন করে টানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর এলাকাসহ বিভিন্ন স্থানের বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে তীব্র নিম্নচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে রান্নাঘাট চালানোসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের কেন বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হবে এবং প্রতিনিয়ত গ্যাস-সংকটে ভুগতে হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সাময়িক মেরামতের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জন্য কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।