হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতা সাড়ে ৮ ঘণ্টা পর গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে সাড়ে আট ঘণ্টার মাথায় পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পরপরই হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে গিয়েছিলেন।

গ্রেপ্তার রেনু মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুলিয়ারচর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। ওই সময় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হতে থাকেন। কোনো প্রকাশ্য বিশৃঙ্খলা তৈরি না হলেও উপস্থিত লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত সটকে পড়েন তিনি।

ঘটনার পরপরই আসামিকে পুনরায় আটক করতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে আট ঘণ্টার অভিযানের পর রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়ন থেকেই তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি রেনু মিয়াকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা আগের মামলার পাশাপাশি পুলিশের হেফাজত থেকে পলায়নের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।