প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন তাহসিন জাহান। রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তাহসিন জাহান জানান, চার বছরের কঠোর পরিশ্রমের পর নিজ বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জন করলেও তিনি এ পুরস্কার গ্রহণ করেননি। তার ভাষ্য, একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে কোনো পুরস্কারের মর্যাদা হতে পারে না।

তাহসিন অভিযোগ করেন, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের হামলার শিকার হন এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগে হুমকির মুখে পড়েন। তাকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া ও স্নাতক থিসিস জমা দিতে বাধা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। পরে কয়েকজন শিক্ষকের সহযোগিতায় অনলাইনে ভাইভা দিয়ে স্নাতক সম্পন্ন করেন।

তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাহসিন বলেন, তার শিক্ষাজীবনে সহযোগিতা করা শিক্ষকদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে যেসব শিক্ষার্থী শিক্ষা ও ভবিষ্যৎ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই তিনি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের ৪৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। একই অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য দুজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।