ফ্লিকের বার্সায় রেকর্ডের জোয়ার

লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে লা লিগায় দুর্দান্ত শুরু অব্যাহত রেখেছেন হান্সি ফ্লিক। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৫ পয়েন্টে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা তার অধীনে গড়ে তুলছে একের পর এক ঐতিহাসিক রেকর্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ছয় ম্যাচেও শতভাগ জয় পেয়েছে ফ্লিকের দল, যেখানে তারা করেছে ২৬ গোল। চার গোল ও তিন পয়েন্ট পেলেও ম্যাচটি নিয়ে সন্তুষ্ট নন ফ্লিক। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, বড় ব্যবধানে এগিয়ে থাকার পর তার দল নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং তাদের আরও শান্ত থাকা দরকার ছিল।

তবে এই জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ফ্লিকের ব্যক্তিগত রেকর্ডে। বার্সেলোনার কোচ হিসেবে লা লিগায় টেবিলের শীর্ষে থেকে ৬১টি ম্যাচডে শেষ করেছেন তিনি। 

এর মাধ্যমে ৬০ ম্যাচডে নিয়ে টেরি ভেনাবলসকে পেছনে ফেলে ক্লাব ইতিহাসের সেরা পাঁচ কোচের তালিকায় উঠে এসেছেন ফ্লিক। তার সামনে এখন ৬৩ ম্যাচডে নিয়ে রিনাস মিচেলস। আর শীর্ষে থাকা পেপ গার্দিওলার রেকর্ড ৮৭ ম্যাচডে।