যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে: জেডি ভ্যান্স

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটন ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ হুথিদের দখলের পর এ কথা জানান তিনি।

ক্যানসাস গমনের উদ্দেশ্যে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি ভ্যান্স জানান, উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে মার্কিন প্রশাসন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি। আমেরিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

হুথিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সরাসরি হুথিদের সঙ্গেও আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, তাই পরিস্থিতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করি।’

পরিস্থিতিটিকে পরিবর্তনশীল উল্লেখ করে জেডি ভ্যান্স জানান, আমেরিকার নিজস্ব স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের সাম্প্রতিক আক্রমণ এবং ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘাত চরম আকার ধারণ করার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এলো।

সূত্র: আনাদোলু এজেন্সি