এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরের পর এবার সিলেটে গেলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
বিমানবন্দর থেকে মোটরকেডে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য রওনা দেন তিনি।
রাষ্ট্রপতির এক দিনের সফরে মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আরও অনেকে।
এদিকে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে। সার্কিট হাউসে যাওয়ার সড়কের দুই পাশে সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে।
রাষ্ট্রপতির চলাচলের সব কটি সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। নগর ভবন ও এর আশপাশের এলাকাতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতি সিলেটে পৌঁছে সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর মাজার জিয়ারত ও বিশ্রাম শেষে বিকেলে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। সফর শেষে রাত ৮টার দিকে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।