ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার রিচার্জের সমস্যা সমাধান হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়। এর ফলে মিটার রিচার্জসংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওজোপাডিকোর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়েন।
পরে কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটি শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেয়। এর পর মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় সমস্যার সময়ে প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়া গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা এবং তাদের আন্তরিক সহযোগিতা পাওয়াকে ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।