ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপরজন রাসেল মিয়া গাবেরগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ গ্রাহক ও কৃষকদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় তারা ভোগান্তিতে পড়েন।

ট্রান্সফরমার চুরির ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং একটি চক্রের সন্ধান পায় বলে জানিয়েছে।

মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না। তদন্তে ওই নেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ওসি আরও বলেন, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।