২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা চাকরি ফিরে পেতে পিলখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
এ সময় চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
এসময় তারা বলেছেন, দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।
বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এদিকে, এই ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই বলে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।