অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশকে এখনো প্রয়োজন অনুযায়ী আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধ ও তদন্তেও এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রয়োজন হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজই ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করা। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইনে অনেক ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে আসেন। তাই অপরাধের ধরন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের প্রয়োজনীয় সংশোধন করা দরকার।

যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক অপরাধের সঙ্গেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না। আগে গবেষণা করে জানতে হবে কেন অপরাধ হচ্ছে। এরপর অপরাধের মূল কারণ দূর করার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। এ বিষয়ে কাজ চলছে।