আগামী বছর (২০২৭) এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩টি বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে- বাংলা দ্বিতীয় পত্র (১০২), ইংরেজি প্রথম পত্র (১০৭), ইংরেজি দ্বিতীয় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) এবং গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।
তবে বাংলা প্রথম পত্রের বিষয় কোড পরিবর্তন করে ১০১ করা হলেও এসএসসি ও দাখিল স্তরের পাঠ্যসূচির ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ের পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
অন্যদিকে, ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় কোড বহাল থাকবে। তাদের জন্য আগের নিয়ম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।চিঠিটি বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বোর্ডের আওতাধীন সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।