ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

শৈশবে কাগজের প্লেন বানিয়ে খেলেননি—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শৈশবের সেই আনন্দময় স্মৃতিগুলো অনেকের জীবন থেকেই হারিয়ে যায়। তবে সেই ছেলেবেলার খেলাকেই বিশ্ব রেকর্ড গড়ার হাতিয়ার বানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজি শহরে মাত্র এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন তিনি। প্রতিটি উড়োজাহাজ তৈরি করতে রাশের সময় লেগেছে গড়ে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

শৈশবের সাধারণ এক খেলাকে দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে রাশ প্রমাণ করেছেন, ছোটবেলার সেই প্রিয় খেলনাও একদিন বিশ্ব রেকর্ডের কারণ হয়ে উঠতে পারে।

এর আগে ২০০টির বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড গড়ার মালিকও তিনি।

নতুন রেকর্ড গড়তে ডেভিড রাশ বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। লক্ষ্য ছিল ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে কাজটি সহজ ছিল না।

ডেভিড রাশ বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ বানালেই হবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়ায় গতি, নির্ভুলতা ও সমন্বয়—তিনটিই গুরুত্বপূর্ণ ছিল।

অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ লেখেন, ‘আমার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজ করেছে।’

গত ৩০ মে এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে সফলও হন। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এ রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।