লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গরুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দলের ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
ওই বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ইউনিয়ন শাখা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন তিনি। একই সঙ্গে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা চুরি হয়ে যাওয়া গরু দুটির সন্ধান করতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে চুরি হওয়া একটি গরু মঙ্গলবার দেলোয়ারের গোয়ালঘরে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়লে দেলোয়ারের বাড়ির সামনে লোকজন জড়ো হতে শুরু করেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
পুলিশের দাবি, এ ঘটনার বিষয়ে জানতে দেলোয়ার হোসেনকে খোঁজা হচ্ছে। তবে তাকে এলাকায় পাওয়া যায়নি। যদিও বুধবার দুপুরে দেলোয়ারের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তার গোয়ালে গরুটি রেখে গেছেন। এ বিষয়ে দলের নোটিশ পেয়েছেন এবং জবাব দেবেন বলেও জানান তিনি।
জানতে চাইলে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁকে এ নোটিশের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর তাদর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল থেকে উদ্ধার হয়েছে। দেলোয়ারকে পুলিশ খুঁজছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।