ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তার অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। তার স্বামী জোবায়ের হোসেন জানান, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং আগামী মাসেই তাদের প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার মুরাদনগরের নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়।
নূর জাহানের আকস্মিক এই প্রয়াণে তার পরিবার, পরিচিতজন ও পুরো শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের একজন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী ছিলেন এবং বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।
তার অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।