‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ

ইতালির ফুটবল ক্লাব এএস রোমার ১৬ সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পুলিশ। সিরি ‘আ’-তে আতালান্তার বিপক্ষে রোমার ঘরের মাঠের ম্যাচে ফ্যাসিবাদী কায়দায় হাত উঁচিয়ে স্যালুট দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রোম পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। শুধু ইতালিতে অনুষ্ঠিত ম্যাচ নয়, বিদেশের মাটিতে এএস রোমার ম্যাচ এবং ইতালির জাতীয় দলের খেলাতেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষিদ্ধ হওয়া ১৬ সমর্থকের মধ্যে চারজনকে এএস রোমার ম্যাচ চলাকালে নিয়মিত পুলিশের কাছে হাজিরাও দিতে হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর রাতে আতালান্তার বিপক্ষে ম্যাচে ফ্যাসিবাদী ধাঁচের ওই স্যালুট দেওয়ার ঘটনা ঘটে। রোমার কট্টর সমর্থকদের জন্য নির্ধারিত ‘কুরভা সুদ’ অংশে থাকা কয়েকজন সমর্থক এ অঙ্গভঙ্গি করেন। ম্যাচটিতে শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে জয় পায় রোমা। দলের হয়ে গোল দুটি করেন মারিও হার্মোসো ও মাতিয়াস সুলে।

ইতালির ফুটবলে কট্টর ডানপন্থি মনোভাবের প্রকাশ নতুন কোনো ঘটনা নয়। ‘উলত্রাস’ নামে পরিচিত কট্টরপন্থি সমর্থকদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায়। দেশটির প্রসিকিউটররাও অতীতে কিছু উলত্রাস গোষ্ঠীর সঙ্গে সংগঠিত অপরাধ এবং কট্টর ডানপন্থি উগ্র নেটওয়ার্কের যোগসূত্র থাকার কথা উল্লেখ করেছেন।

তবে ইতালিতে সব পরিস্থিতিতে ফ্যাসিবাদী স্যালুট সরাসরি নিষিদ্ধ নয়। কোনো ঘটনায় এই অঙ্গভঙ্গির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তা আদালত পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করে।

দেশটির ফ্যাসিবাদী পার্টির পুনরুত্থান ঠেকাতে থাকা আইন এবং জাতিগত বিদ্বেষে উসকানি নিষিদ্ধকারী আইনের আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে এই ধরনের অঙ্গভঙ্গির বিরুদ্ধে মামলা হতে পারে।