নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বেগমগঞ্জ-মাইজদী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল আজিম উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল আজিম চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিল এলাকার কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির বেপরোয়া গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তে পুলিশ তৎপর রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।