জয়া ও সমরজিতের ‘মনঘুড়ি’

ফ্রান্সপ্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে। ৫ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। একই সঙ্গে অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে।

রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভীষণ পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

নতুন গানটি প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য খুব চমৎকার একটি গান উপহার দেওয়ার। ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’

রোমান্টিক কথা, সুর ও দুই শিল্পীর দ্বৈত কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে ‘মনঘুড়ি’। এরই মধ্যে দেশ-বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শুনতে পারছেন।

সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জয়া বর্মণ। গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করেছেন তিনি। তাঁর এসব পরিবেশনা সুধী মহলে প্রশংসিত হয়েছে বলে জানানো হয়েছে।