কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত দুই

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) ও জেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

এতে আরও তিনজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে জেলাজুড়ে শুরু মুষলধারে বৃষ্টি শুরু। এসময় বৃষ্টির বিকট শব্দে একাধিক বজ্রপাত ঘটে। এতে মাঠে কাজ করার সময় কৃষক রওশন আলী ও বাড়ি ফেরার পথে আরজ আলী বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় মাঠে কর্মরত আরও তিনজন কৃষক আহত হন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।