অধস্তন আদালতের ৯৯ বিচারক একযোগে বদলি

দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, ২ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (অথবা সিনিয়র সিভিল জজ) এবং ২ জন সিভিল জজসহ মোট ৯৯ জন বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলির আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বদলিকৃত বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে বর্তমানে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর সরাসরি নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।