হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ছায়েম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার বলাই বাবুর বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আলমগীর বেপারীর ছেলে। তিনি তার মা ছাবিনা ইয়াসমিনের সঙ্গে নানাবাড়িতে থেকে বড় হন। তিনি বাকিলা এলাকার ত্রিমোহনা থিম পার্কে কাজ করতেন।

থিম পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন তার পার্কে কাজ করতো। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ছোটবেলায় ইয়াছিনের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে সে মায়ের সাথে নানা বাড়ি রাধাসার গ্রামে থাকতো। প্রায় ৭ বছর ধরে সে আমার পার্কে কাজ করছে। তার বেতনেই তার মায়ের ভরণপোষণ চলতো।

আহত কিশোর সায়েম পার্ক সংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।