বৈভবকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বললেন গম্ভীর

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানে বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে গড়েছেন বিশ্ব রেকর্ড। এমন অবস্থায় ভারতের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে সুযোগ পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন ভারত দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি বৈভব। তার জায়গায় খেলা ওপেনার অভিষেক শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফুল-মেম্বার দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ভারতকে ১২৭ রানের বিশাল জয় উপহার দিয়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর বৈভবকে নিয়ে ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘বৈভবের সঙ্গে আমাদের একদম পরিষ্কার কথা হয়েছে যে তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আপনার বয়স ১৫ বছর হোক বা ৩০ বছর, যখন অপেক্ষা করতে বলা হবে, তখন ধৈর্য ধরে অপেক্ষা করাই নিয়ম।’  

গম্ভীর আরও বলেন, ‘দলে নতুন আসা কারও চেয়ে বিগত ২-৩ বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে আসা খেলোয়াড়রা সবসময় অগ্রাধিকার পাবে।’

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর ৬ টি-টোয়েন্টিতে ২টি ফিফটি হাঁকিয়ে ক্যারিয়ারের দুর্দান্ত শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল যে কম্বিনেশনে খেলেছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আপাতত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন কোচ গম্ভীর।