খাগড়াছড়িতে ‘গোপন গুদামে’ মিললো ২১ হাজার কেজি সরকারি সার

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে মজুদ করা ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে সরকারি সার নির্ধারিত গুদামের বাইরে রাখার অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘এসএস ট্রেডার্সে’ অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

প্রশাসন জানায়, ওই ডিলার সরকারের তালিকাভুক্ত গুদামে না রেখে একটি গোপন গুদামে (তালিকাবিহীন গুদাম) সারগুলো মজুত করেছিল। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধভাবে মজুদ করা সারগুলো জব্দ ও জড়িতদের অর্থদণ্ডের আদেশ দেন।

তাছাড়া অভিযানে সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন সার মজুদের বিষয়টি প্রমাণিত হলে সারগুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা সার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র মজুদের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সের ম্যানেজারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।