এশিয়ান গেমসের অব্যবস্থাপনা

৬ ঘণ্টা বিমানবন্দরে আটকা চীন-ভারতের অ্যাথলেটরা, কোরিয়ার ক্ষোভ

উদ্বোধনের আগেই চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠল জাপানে চলা এশিয়ান গেমস নিয়ে। বিমানবন্দরে অ্যাথলেটদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা এবং নিম্নমানের আবাসন নিয়ে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিবাদে গেমস শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

আগামীকাল নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরটির উদ্বোধন হওয়ার কথা। তবে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করতে গিয়ে চাপে পড়েছেন আয়োজকেরা। ব্যয় কমাতে এবার কোনো অ্যাথলেটস ভিলেজ নির্মাণ করা হয়নি। এর পরিবর্তে হোটেল, অস্থায়ী কেবিন ও ক্রুজ জাহাজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে।

আবাসন নিয়ে অনেক অ্যাথলেট অভিযোগ করেছেন, তাদের জন্য বরাদ্দ করা বিছানাগুলো আকারে ছোট এবং অস্বস্তিকর।

চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট ও প্যারিস অলিম্পিকে দুটি রৌপ্যজয়ী ঝাং বোহেং জানান, বুধবার পৌঁছানোর পর তাকে ও তার সতীর্থদের টানা ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। চীনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ২৬ বছর বয়সী এই অ্যাথলেট বলেন, ‘আমি পুরোপুরি ক্লান্ত। সকাল সাতটায় প্রাতরাশ করার পর ভাবিনি আবার সন্ধ্যা সাতটার আগে কিছু খেতে পারব না।’

নিবন্ধন ও দাপ্তরিক কাগজের ঝামেলা শেষে নাগোয়া বন্দরে রাখা একটি ক্রুজ জাহাজে তাদের নেওয়ার কথা ছিল, যেখানে প্রায় চার হাজার অ্যাথলেট থাকবেন। কিন্তু বোহেং জানান, সেখানে পৌঁছে ভারী বৃষ্টির কারণে তারা জাহাজে উঠতে পারেননি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজেদের খরচে হোটেলে কক্ষ নিয়ে তাদের বিশ্রাম নিতে হয়।

চীনা ব্যাডমিন্টন দল নির্ধারিত বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছে। পরে স্থানীয় চীনা প্রবাসীরা নিজেদের গাড়িতে করে তাদের গন্তব্যে পৌঁছে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘এশিয়ান গেমস অবসার্ড’ হ্যাশট্যাগটি দেখা হয়েছে ৯ কোটির বেশিবার।

কন্টেইনার দিয়ে তৈরি করা হয়েছে অ্যাথলেটদের থাকার জায়গা। ছবি: এএফপি

একই অভিজ্ঞতা হয়েছে ভারতীয় দলেরও। ভারতের শেফ দ্য মিশন সহদেব যাদব জানান, অভিবাসন ও অ্যাক্রিডিটেশন কার্ডের দীর্ঘ লাইনের কারণে বিমানবন্দরে তাদের অনেক দেরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদেরও বিমানবন্দরে পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে।

এর মধ্যেই যুক্ত হয়েছে নতুন এক বিতর্ক। দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটি আয়োজকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জাপানি যোদ্ধা তোয়োতোমি হিদেওশির পোশাক পরা প্রতিনিধি রাখার কারণে। ১৫৯২ থেকে ১৫৯৮ সালে কোরিয়ায় জাপানি আক্রমণের মূল নায়ক ছিলেন এই হিদেওশি, কোরিয়ার ইতিহাসে যা একটি অত্যন্ত সংবেদনশীল ও ক্ষতের জায়গা।

নানামুখী বিতর্ক আর অব্যবস্থাপনার সমালোচনা সত্ত্বেও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) মহাপরিচালক হুসেইন আল-মুসাল্লাম অ্যাথলেটসংখ্যা বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। আল-মুসাল্লাম স্বীকার করেছেন যে একটি অ্যাথলেটস ভিলেজ থাকলে ভালো হতো। তবে স্বাগতিকদের সীমাবদ্ধতা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই গেমস পরিচালনা করা হচ্ছে বলে জানান ওসিএ মহাপরিচালক।