আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সামরিক অভিযান নিয়ে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের অভ্যন্তরে যেকোনো ধরনের সামরিক হামলা পরিচালনা না করার জন্য পাকিস্তান সরকারকে সতর্ক করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর বিষয়ে ইসলামাবাদের তোলা অভিযোগ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।

সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আঘাত হানে, তবে আফগানিস্তান নিজের দেশ রক্ষা করার পূর্ণ অধিকার রাখে এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছিলেন, আফগান ভূখণ্ডকে উগ্রবাদীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে ব্যবহার করা হচ্ছে। ওই অভিযোগের জবাবে তালেবান মুখপাত্র জানান, কাবুল তাদের ভূমিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে পরিচালিত হতে দেয় না এবং অন্য দেশকে লক্ষ্য করা কোনো সশস্ত্র গোষ্ঠীকে তারা সমর্থন করে না।

মুজাহিদ উল্লেখ করেন, টিটিপি ও বালুচ গোষ্ঠী সম্পর্কিত সহিংসতা তালেবানের ক্ষমতায় আসার অনেক আগেই শুরু হয়েছে। তাই নিজেদের নিরাপত্তা সংকট আফগানিস্তানের ওপর না চাপিয়ে পাকিস্তানের উচিত তা অভ্যন্তরীণভাবে সমাধান করা।

উত্তেজনা সত্ত্বেও আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী উল্লেখ করে জাবিহুল্লাহ মুজাহিদ গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহযোগিতার ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি কাবুল ও ইসলামাবাদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে বন্ধুপ্রতীম দেশ হিসেবে সৌদি আরবকে এগিয়ে এসে ‘ইতিবাচক ভূমিকা’ বা মধ্যস্থতা করার আহ্বান জানান তিনি।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ