মারা গেছেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। 

বিবৃতিতে ইন্টার জানিয়েছে, ‘স্যান্দ্রো মাজ্জোলা শুধু নেরাজ্জুরিদের (ইন্টার) ইতিহাসেই নন; বরং ফুটবলের ইতিহাসেই অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন ইন্টারের ইতিহাসের সমার্থক; ছেলেবেলায় ক্লাবে যোগ দেওয়ার পর আর কখনো ছেড়ে যাননি।’

পেশাদার ক্লাব ক্যারিয়ারে পুরো সময়ই ইন্টারে কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে দুবার ইউরোপিয়ান কাপও জিতেছেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইতালির ইউরোজয়ী দল এবং ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক এই ফরোয়ার্ড।

জাতীয় দল ইতালির হয়েও সমৃদ্ধ ছিল মাজ্জোলার ক্যারিয়ার। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর মেক্সিকো বিশ্বকাপে ফাইনালেও খেলেন। যদিও সেবার ব্রাজিলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ইতালির।

মাজ্জোলার জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক মর্মান্তিক পারিবারিক ইতিহাস। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির জাতীয় দলের খেলোয়াড় এবং তৎকালীন তুরিনোর অধিনায়ক। ১৯৪৯ সালে মাত্র ছয় বছর বয়সে সুপারগা বিমান দুর্ঘটনায় বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তুরিনোর পুরো দলই প্রাণ হারায়।