র‍্যাডিসন ব্লুতে ৮০ বিজয়ীকে পুরস্কৃত করছে এমইপি গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ তাদের ব্যবসায়িক অংশীদারদের বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ‘এমইপি এক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজনে সেরা পরিবেশক ও বিক্রেতাদের মধ্যে মোট ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ বিতরণ করা হবে।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রতিষ্ঠানের পরিচালক শাকিল আলম চাকলাদার। অনুষ্ঠানে এমইপি পণ্যের আধুনিক প্রযুক্তি প্রদর্শন, ব্যবসায়িক মতবিনিময় এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের রূপরেখা তুলে ধরা হবে।

এদিকে দেশীয় বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ ও আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে এমইপি গ্রুপ। ১০ একর জমির ওপর পরিকল্পিত এই নতুন কারখানাটি পুরোদমে চালু হলে উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধির পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও ব্যাপক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রাহক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য বিশেষ প্রণোদনামূলক ক্যাম্পেইন পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার জানান, নতুন কারখানা, সর্বাধুনিক প্রযুক্তি ও বিস্তৃত বিপণন ব্যবস্থার সমন্বয়ে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ভিত্তি দেওয়ার কাজ চলছে। তিনি বলেন, ‘এই আয়োজন মূলত আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি এবং টেকসই প্রবৃদ্ধির যৌথ অঙ্গীকার। আমরা এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের সবচেয়ে নির্ভরযোগ্য ও বড় প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আলম চাকলাদার জানান, অংশীদারদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দিতেই এই ৮০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হচ্ছে। বর্ধিত উৎপাদন সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আরও শক্তিশালী ও আধুনিক বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।