বাহামাসে নিজের বিয়েকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের খরচ বহনকারী রুশ ধনকুবের উমর ক্রেমলেভকে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রতিবেদনটি নিয়ে তিনি ছেলের সঙ্গে কথা বললে ডন জুনিয়র তাকে জানান, তিনি ক্রেমলেভের অর্থ ফেরত দিচ্ছেন। ট্রাম্প বলেন, বিষয়টি তাকে কিছুদিন আগেই জানানো হয়েছিল এবং তিনি শুনেছেন, তার ছেলে অর্থ ফেরত দিয়েছেন।
চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ক্রেমলেভের অর্থায়ন নিয়ে তদন্ত শুরু করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) সভাপতি ও রুশ ব্যবসায়ী ক্রেমলেভ গত মে মাসে বাহামাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের জন্য কয়েক লাখ ডলার ব্যয় করেছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকা প্রথম ক্রেমলেভের অর্থায়নের বিষয়টি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ক্রেমলেভের সঙ্গে রুশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘না, বাবা, আমি টাকা ফেরত দিচ্ছি’—ছেলে তাকে এমনটাই জানিয়েছিলেন। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রও নিশ্চিত করেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ক্রেমলেভকে অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করেছেন।
তবে শুক্রবার রাত পর্যন্ত ক্রেমলেভ বা ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন না। চলতি সপ্তাহের শুরুতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ক্রেমলেভকে তিনি চেনেন না। বিয়ের অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া বিতর্ককে তিনি ‘বড় কোনো বিষয় নয়’ বলেও মন্তব্য করেন।
শুক্রবার ট্রাম্প বলেন, তিনি বহু মানুষের বিয়ের অনুষ্ঠানে পার্টির আয়োজন করেছেন। ফ্লোরিডার পাম বিচে তার মার-আ-লাগো ক্লাবের মতো বিলাসবহুল স্থানেও এমন আয়োজন করেছেন বলে জানান তিনি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী বেটিনা ট্রাম্প সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্রেমলেভকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ক্রেমলেভ তাদের ‘অসাধারণ উদার বিয়ের উপহার’ দিয়েছেন। তবে বেটিনার দাবি, ক্রেমলেভ বিয়ের মূল অনুষ্ঠান নয়, বরং বিয়ের পর আয়োজিত দুটি পার্টির খরচ বহন করেছিলেন।
সূত্র: রয়টার্স