২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন। এদের মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের। একই সময়ে নতুন করে এক হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
এতে আরও বলা হয়, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৩ জনে। এদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৫১ হাজার ৩৯৫ জন।