বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির কাছে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে হুথিদের এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন যোদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি এক্স-এ এক পোস্টে লিখেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব ফ্রন্টে এই সংঘর্ষ হয়। এতে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার সঙ্গে থাকা আরও ছয়জন সহযোগী নিহত হন।

হুথি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। কখন বা কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁরা।

কাহবুব পাহাড়ি এলাকা। এখান থেকে বাবেল-মানদেব প্রণালি স্পষ্ট দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত সংবেদনশীল এই পথটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবার তীব্র আকার ধারণ করেছে সংঘাত।