দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারা।
দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। দুই বছর পর আবারও কন্যাসন্তানের বাবা-মা হলেন তারা।
দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।
প্রথম সন্তান দুয়ার জন্মের দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে তাদের দেখা গিয়েছিল।
দ্বিতীয় সন্তানের আগমনের আগে সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
সেসব ছবিতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ছবিগুলোর সঙ্গে ভক্তদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য ধন্যবাদও জানান তিনি।
২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের প্রেমের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্দান করেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন এই তারকা জুটি। কঙ্কনি ও সিন্ধি সংস্কৃতির ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা–বাবা হন দীপিকা ও রণবীর। দুই বছর পর তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।