দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন, উন্নয়নমূলক কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও)। তবে দায়িত্ব ও কাজের পরিধি বাড়লেও দীর্ঘদিন ধরে পদ ও গ্রেড আপগ্রেডেশন না হওয়া, জনবল সংকট এবং সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাদের পেশাগত অগ্রগতি ও কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব সমস্যা সমাধানে কর্মকর্তাদের আপগ্রেডেশন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং সাংগঠনিক কাঠামো উন্নয়নের দাবি উঠেছে।
শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলন–২০২৬’-এ এসব দাবি তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ডিআরআরও এবং পিআইওরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। এ সাফল্য ধরে রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভরভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ ও খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে আর্থিক প্রবাহ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাল খননকে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষায় পানি নিষ্কাশন, মাছ চাষ এবং খালপাড়ে বৃক্ষরোপণের সুযোগ সৃষ্টির মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং অপচয় রোধে গুরুত্ব দিতে হবে।
সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা, পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। আন্তরিকতা, দক্ষতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।
আপগ্রেডেশন ও জনবল সংকট
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের অন্যতম দাবি ছিল পদ ও গ্রেড আপগ্রেডেশন-সংক্রান্ত জটিলতার দ্রুত নিরসন। কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় আপগ্রেডেশন না হওয়ায় তাদের পেশাগত অগ্রগতি ও কর্মস্পৃহা বাধাগ্রস্ত হচ্ছে।
ডিআরআরও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. আবেদ আলী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল, উন্নত সাংগঠনিক কাঠামো এবং পর্যাপ্ত লজিস্টিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
কর্মকর্তারা জানান, দুর্যোগের সময় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বও তাদের পালন করতে হয়। কিন্তু দায়িত্ব ও কাজের পরিধি বাড়লেও প্রয়োজনীয় জনবল, পদকাঠামো ও সাংগঠনিক সুযোগ-সুবিধা সে অনুযায়ী বাড়েনি।
সম্মেলনে মাঠপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের সমস্যা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ত্রাণ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও গতিশীল করতে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিভিন্ন সুপারিশও তুলে ধরেন।
সম্মেলনে ডিআরআরও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাছের মোহাম্মদ বাবর, পিআইও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোর্শেদ রানা ও সাধারণ সম্পাদক রেফাউল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।