কুমিল্লায় নিজেদের বাড়ির পাশেই দাফন করা হবে অপ্রতিমকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এ তথ্য জানান।

উপাচার্য জানান, নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় যে বাড়িতে তারা থাকতেন সেটি তাদের নিজেদের করা বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল এখানেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতি এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।

তিনি আরও জানান, রোববার সকাল ১০টায় অপ্রতিমের জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। জানাজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সাড়ে ১০টায় তাকে দাফন করা হবে।

এর আগে ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে অপ্রতিমের মরদেহ আনা হয় কোটবাড়ি গন্ধমতি এলাকায়। তার মরদেহ আনার পর শেষবার একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। দুপুর থেকে পুরো এলাকাজুড়ে যে শোকের মাতম তৈরি হয়েছে সেটি রাতেও দেখা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি সে।

পরে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করেছে এসআরবি। ধারণা করা হচ্ছে আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।