হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
আহত আবদুস সবুর শেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু বাদী হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সয়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ শেষে বের হওয়ার সময় একদল ব্যক্তি রামদা, ড্যাগার ও চাপাতি নিয়ে আবদুস সবুরের ওপর হামলা চালায়। এতে তার ডান হাতের কবজি, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা শহরে বিক্ষোভ করা হয়েছে।