আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

রাজধানীর লালবাগে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন শাওন।

স্থানীয়দের দাবি, কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসের এক হেলপার বিষয়টি দেখতে পেয়ে তাদের একজনকে ঝাপটে ধরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছ থেকে হেফাজতে নেয়।

এ ঘটনার পর লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নেসার উদ্দিন রাব্বির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি আজিমপুর মোড় থেকে শুরু হয়ে এতিমখানা ও পলাশী মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদ স্টাফ কোয়ার্টারের সামনে গিয়ে শেষ হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।