আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি সাধারণ ছুটি নয়।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এদিন ছুটি পাবেন।
এদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ দেশের পিটিআইগুলোতে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করেছে। পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। তাদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।
ব্যাংক-বীমা ও বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম চলবে
ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও এটি সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলবে।