বাদ পড়া শিশুদের টিকায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ক্যাম্পেইন

হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে বাদ পড়া শিশুদের খুঁজে টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। পাশাপাশি এ সময়ে ৬ মাস বয়সে পৌঁছানো এবং টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, চলতি বছর দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এপ্রিল থেকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশু টিকা পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার, রোগ নজরদারি বৃদ্ধি এবং হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এরই মধ্যে ‘হাম-রুবেলা ক্লিনিক্যাল কেস ম্যানেজমেন্ট’ জাতীয় নীতিমালা প্রণয়ন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের র‍্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং এবং হাম আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, কিছু শিশু এখনো হাম-রুবেলা টিকার আওতার বাইরে রয়েছে।

বিশেষ করে বিভিন্ন হাসপাতালে শনাক্ত হাম আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে টিকা না নেওয়া শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে। এ কারণে বাদ পড়া শিশুদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার শুধু টিকাদান কেন্দ্রে বসে না থেকে মাঠপর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে। ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পাশাপাশি কর্মসূচির সময় নতুন করে ৬ মাস বয়স পূর্ণ করা শিশুদেরও টিকার আওতায় আনার চেষ্টা করা হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর টিকাদান কর্মসূচির দিন ৬ মাস বয়স পূর্ণ হতে ১০ দিন বাকি থাকলেও পরবর্তী সময়ে তার টিকা নিশ্চিত করা হবে। এ বিষয়টি নিবিড়ভাবে মনিটর করা হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে এ কর্মসূচি শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পরিচালক, ইউএসএফপিও এবং ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচিতে যুক্ত থাকবেন।