টাঙ্গাইলে সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুরমান রেজা (৪০) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
তিনি গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের আবু হানিফের ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহর বাইপাসের দরুণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই হালিম রেজা বলেন, আমার ভাই ব্যবসা করার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হন। কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে দরুণ এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে সুরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।