বিশ্ব যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না : ইরান

বিশ্ব যুক্তরাষ্ট্রের মিথ্যা বক্তব্য বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি মার্কিন প্রশাসনের বক্তব্যকে সরল ও ভণ্ডামিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেন। 

বাঘাই বলেন, ওয়াশিংটন এখনো এমনভাবে আচরণ করছে যেন বিশ্বের দেশগুলোর কোনো স্মৃতি নেই, কোনো বিষয় বিশ্লেষণ করার ক্ষমতাও নেই। তারা যেন ধরে নিয়েছে সবাই চিন্তাভাবনা বন্ধ করে শুধু ওয়াশিংটনের কথার ওপর নির্ভর করবে, কোনো প্রশ্ন ছাড়াই সব বিশ্বাস করে নেবে।

একদিকে ইরানের সাধারণ মানুষকে সর্বোচ্চ কষ্ট ও দুর্দশায় ফেলার জন্য কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা যেন মার্কিন পাইকারি দোকান থেকে কেনাকাটা করতে না পারেন, সেই কূটনৈতিক পদক্ষেপকেই বড় করে তুলে ধরা হচ্ছে।

বাঘাই বলেন, পুরো একটি জাতির জীবিকা ধ্বংস করার মতো নিষেধাজ্ঞাকে উদযাপন করা হচ্ছে, আবার দোকানের সদস্যপদ কার্ড নিয়ে গুরুগম্ভীর বক্তব্য দেওয়া হচ্ছে। এতেই যুক্তরাষ্ট্রের নীতির অসংগতি স্পষ্ট হয়ে ওঠে। তার মতে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যে নীতি, তার পেছনের চিন্তার সীমাবদ্ধতাও এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে ফুটে উঠছে।