জামালপুর জেলার ইসলামপুর উপজেলার 'যমুনার নৌ-বন্দর' নামে খ্যাত গুঠাইলবাজারে সোমবার দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ইসলামপুর ফায়ার সার্ভিস ডিফেন্স সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে এগারোটার সময় দেলোয়ার হোসেনের দোকান থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের স্ফুলিঙ্গ আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় জাহিদুল ইসলামের ওষুধের দোকান, মজিবুর রহমান, মোশারফ, সাহেব আলী, রঙ্গি লাল দাস, শাহা আলী, সুজন মিয়া, আজগর আলী ও নিতাই চন্দ্রের মনিহারি দোকান এবং মোস্তাফিজুর রহমানের এলুমিনিয়াম দোকানসহ মোট ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জাহিদুল ইসলামের ওষুধের দোকান প্রায় ৩লাখ নগদ টাকা পুড়ে যায়।
এ ব্যাপারে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আঃ গণি জানান, বাজারের দেলোয়ারের দোকানে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন: গৌরীপুরে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ, ট্রেনের টিকিট কালোবাজারিদের দখলে
মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
ইত্তেফাক/নূহু